মোঃ সাইদুর রহমান, মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযোগে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইসমাইল। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গেড়ামারা গোহাইলবাড়ী সবুজসেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্য করে ইসমাইল নিয়মিত ইভটিজিং করত। দীর্ঘদিন ধরে তার এমন আচরণে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলও উদ্বিগ্ন হয়ে ওঠে।
এদিকে, গত ২ আগস্ট একটি ইভটিজিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি ভিডিওটি বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক ওয়ালে শেয়ার করে অপরাধীকে দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি করেন।
এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট, রোজ মঙ্গলবার মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

মোঃ সাইদুর রহমান, মির্জাপুর প্রতিনিধি। 




















