ডেস্ক রিপোর্ট : ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন নির্মাণ এবং চিকিৎসাসেবা উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জকসু জিএস আব্দুল আলিম আরিফসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। জকসুর অভিযোগ, শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন এবং একপর্যায়ে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে হামলা চালান। ধাক্কাধাক্কির সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানও লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদে জকসু নেতারা হামলার বিচার দাবি করেন। পরে ছেঁড়া প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জকসুর দাবি, হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















