আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): মাদকের কড়াল গ্রাস থেকে স্বামী ও সন্তানদের রক্ষায় এবং মাদক মুক্ত সমাজের দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রামের অর্ধশতাধিক নারী। বিক্ষোভ শেষে তারা ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর তালিকা উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে নারীরা উল্লেখ করেন, সুজাবাদ দহপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের কারণে চুরি-ছিনতাই, পরিবারে অশান্তি, নারী নির্যাতন এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে এলাকার যুবসমাজ। স্থানীয়ভাবে দেন-দরবার করেও মাদক কারবারিদের দমন করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে তারা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।
গতকাল রোববার সকাল ১১টার দিকে ‘মাদক মুক্ত সমাজ চাই’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নারীদের একটি দল উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। ওই সময় ইউএনও মো. তাইফুর রহমান সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি মতবিনিময় সভায় ব্যস্ত থাকায় নারীরা চত্বরেই মাদকবিরোধী বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে সভা শেষে ইউএনও কার্যালয়ে ফিরলে জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর নেতৃত্বে প্রতিনিধিদলটি ইউএনও’র হাতে লিখিত স্মারকলিপি ও ৮ মাদক কারবারির তালিকা হস্তান্তর করে।
স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান জানান, এলাকাটিকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনকে অবহিত করার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, “মাদকের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তালিকায় থাকা বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 



















