ফজলুল কবির গামা, ঝিনাইদহ: বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি স্কুলছাত্র, থানায় জিডি করা হয়েছে।
ঝিনাইদহে ৬ দিন ধরে ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল নিখোঁজ রয়েছে। গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় চিন্তিত পরিবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ তানজিল আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে স্থানীয় রংধনু কিন্ডারগার্টেন স্কুলে পড়ে।
তানজিলের বাবা মাসুদ রানা জানান, ওইদিন সকাল ১১টার দিকে তানজিল বাসা থেকে বের হয়। এরপর অনেক সময় পার হলেও সে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।
পরে বিষয়টি জানিয়ে ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়। ছেলেকে না পেয়ে পরিবার এখন খুবই দুশ্চিন্তায় আছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যাচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, তানজিল নিখোঁজের ঘটনায় জিডি নেওয়া হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ তানজিলের খোঁজ পেলে নিকটস্থ থানায় বা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ফজলুল কবির গামা, ঝিনাইদহ 



















