রাজ্জাক বিশ্বাস , কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মুফতি আমির হামজার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
রোববার বিকালে শহরের প্রধান প্রধান সড়কে জেলা জামায়াতের উদ্যোগে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াত-ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি ও বিশিষ্ট আলেমের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। দেশে অশান্তি সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যেই চিহ্নিত একটি মহল এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কুষ্টিয়ার জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
সমাবেশ থেকে এমপি মুফতি আমির হামজার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















