মৃণাল চৌধুরী সৈকত : আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে নির্মিত নাটক নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে শুরু হয়েছে ‘ঢাকা নাট্যোৎসব’। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে মতিউর রহমান রানা নির্দেশিত ও গ্রন্থিক নাট্যদলের ‘গিরগিটি’, হামিদুর রহমান পাপ্পু নির্দেশিত ও শৌখিন নাট্যদলের ‘অন্তরালে আয়না’, সূচনা তিসা নির্দেশিত ও মৈত্রী থিয়েটারের ‘রঙিলা ফানুস’, এস. কে. রতন নির্দেশিত ও নবনাটের ‘ভেলকি’, খোরশেদুল আলম নির্দেশিত ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, গোলাম সারোয়ার নির্দেশিত ও ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, শওকত হাসান নির্দেশিত ও স্বরবিথী থিয়েটারের ‘শাস্তি’ এবং শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত ও মেঘদূত নাট্য সম্প্রদায়ের ‘শায়েস্তা খাঁর পরী’ মঞ্চস্থ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সমাজের অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। নাটক, গান, সাহিত্যচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলা সম্ভব।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো, যুদ্ধ করি’ গানের মাধ্যমে যেমন মানুষকে উজ্জীবিত করা হয়েছিল, তেমনি একটি ভালো গান ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় এলাকায় এলাকায় নাটকের আয়োজন হতো এবং বিভিন্ন স্থানে লাইব্রেরি ছিল। ছেলে-মেয়েরা লাইব্রেরির সদস্য হয়ে উপন্যাস, নাটক, গল্প ও কবিতার বই পড়ত। সাহিত্যচর্চার মধ্য দিয়ে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি হতো।
ডিএসসিসি প্রশাসক বলেন, এই ঢাকা আমার-এই অনুভূতি যদি মন থেকে আসে, তাহলে ঢাকাকে সুন্দর ও পরিষ্কার রাখা সম্ভব। নিজের ড্রয়িংরুম ও পড়ার ঘর সুন্দর রাখব, অথচ পাশের রাস্তা আবর্জনায় ভরে রাখব-এটা হতে পারে না। নিজের ঘরের মতো রাস্তাকেও ভালোবাসতে হবে।
তিনি আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নগরবাসীর মধ্যে ঢাকা শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ নাট্যোৎসব নগরবাসীর মধ্যে সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্যবোধ জাগিয়ে তুলবে-এমন প্রত্যাশা আয়োজকদের।
ঢাকা, বাংলাদেশ
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
আদি ঢাকার সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রত্যাশায় পর্দা উঠল ডিএসসিসির ঢাকা নাট্যোৎসবের
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ০১:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ৪৯ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com




















