মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে একদিনেই মাদক সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় ওসি মো. রবিউল হকের তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী 


















