দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সরকারি নিয়ম ও বিধি বহির্ভূতভাবে সার বিক্রির অপরাধে মেসার্স জাহানারা ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল ২৩ আগস্ট (রবিবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সাইতাড়া ইউনিয়নের মেসার্স জাহানারা ট্রেডার্স দীর্ঘদিন ধরে সার বিক্রিতে অনিয়ম ও সরকারি নির্দেশনা অমান্য করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সত্যতা প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের বাজারমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট তৈরি বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 






















