পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাইট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি এসব উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন পৌর প্রশাসক মাহমুদুর মামুন, পৌর নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল দত্ত বণিক এবং পজেটিভ পিরোজপুরের সভাপতি ও পৌর মনিটরিং কমিটির সদস্য সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান। পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার চলমান উন্নয়নকাজের গুণগতমান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত নকশা ও মান অনুযায়ী কাজের গুণগতমান শতভাগ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, পৌর শহরের সড়ক প্রশস্ত করার ক্ষেত্রে সড়কের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পৌর প্রশাসক মাহমুদুর মামুন বলেন, রাস্তার নকশা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে শতভাগ কাজ বুঝে নেওয়া হবে। কাজের গুণগতমানের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পৌর নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল দত্ত বণিক বলেন, পৌরসভার উন্নয়নকাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। পৌর মনিটরিং কমিটির সদস্য সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান বলেন, পৌরবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নকাজের গুণগতমান নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। পাশাপাশি কাজে ব্যবহৃত উপকরণের মান পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনে ল্যাবে পাঠিয়ে নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়নকাজ জনগণের করের টাকায় বাস্তবায়ন করা হয়।
তাই সরকারি অর্থের যথাযথ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

পিরোজপুর অফিস 


















