
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)।
পুলিশ জানায়, বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাজ্জাদ টেলিকম দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজু আহমেদ, রাজবাড়ী 


















