নীলফামকরী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যক্তির ওপর হামলা, হত্যাচেষ্টার পাশাপাশি নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোঃ রবিউল ইসলাম, উত্তর সুন্দরখাতা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডাঙ্গারহাট বাজারে একটি মুড়ির দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
রবিউল ইসলামের দাবি, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। পরে তার কাছে থাকা জমি বন্ধকের টাকা ফেরত দেওয়ার জন্য বহন করা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা টাকা ফেরত না দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
স্থানীয়দের সহায়তায় আহত রবিউল ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হওয়ার পর তিনি তার ছেলে মোঃ রাকিবুল ইসলাম (রাকিব)-এর মাধ্যমে ডিমলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে ডিমলা থানার কর্মকর্তা (ওসি)জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামকরী জেলা প্রতিনিধি 



















