
আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী মাড়িয়া খেলার মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় ও তুমুল উত্তেজনার মধ্য দিয়ে এই জমজমাট ম্যাচটি সম্পন্ন হয়। খেলায় কামারপাড়া স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শাজাহানপুর ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে। তরুণ ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্য এবং গ্যালারির প্রাণবন্ত করতালি পুরো গ্রামীণ জনপদে ফিরিয়ে আনে এক বর্ণিল উৎসবের আমেজ। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে দর্শকরা জানান।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা আইয়ুব আলী, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, চুপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, বিএনপি নেতা আলহাজ্ব হুমায়ুন কবির দুলু, খায়রুল বাশারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 















