ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর পৌর শাখা সভাপতির বসতঘরে অগ্নিকাণ্ড

- সর্বশেষ পরিমার্জন: ১১:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৩৮ বার পঠিত

পিরোজপুর অফিস :: সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ২টার দিকে অজ্ঞাত কারণে ঘরটিতে আগুন লাগে বলে জানা গেছে। এতে সম্পূর্ণ ঘরসহ ভেতরের আসবাব ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী সিরাজ শেখ জানান, রাতে ঘুম ভেঙে বাইরে এসে দেখি আরিফুল ইসলামের বাড়িতে আগুন। আমি চিৎকার করে লোকজন ডাকতে থাকি। পরে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। ঘরের পাশেই অবস্থিত মসজিদের ইমাম মো. মারুফ সিকদার বলেন, চিৎকার শুনে বের হয়ে আগুন দেখতে পাই। এরপর মাইকে ঘোষণার মাধ্যমে এলাকাবাসীকে ডাক দিই। সবাই মিলে চেষ্টা করলেও আগুনে ঘরের সবকিছু পুড়ে যায়। মো. আরিফুল ইসলাম জানান, তিনি পিরোজপুরে কর্মসূত্রে অবস্থান করেন এবং তাঁর পরিবার বর্তমানে চট্টগ্রামে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান-ঘরের ভেতরের সব মালামাল সম্পূর্ণ নষ্ট হয়েছে। তাঁর দাবি, এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমার পরিবার আজ স্থায়ীভাবে এই বাড়িতে উঠার কথা ছিল। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে সন্দেহ করছি, যদিও নির্দিষ্ট করে কাউকে দায়ী করতে পারছি না। এখন নতুন করে থাকার ব্যবস্থা কীভাবে করবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রোমিজ জাহান জুম্মা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলা হয়েছে। কেউ আগুন লাগার কারণ বা সম্ভাব্য ব্যক্তিকে দেখেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে; প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



















