উন্নয়নের আলো থেকে আজও বঞ্চিত একটি গ্রাম ঝিনাইগাতীর গজারী পাড়া

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৫৫ বার পঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারী পাড়া গ্রামটি স্বাধীনতার এত বছর পরেও যেন উন্নয়নের ছোঁয়া পায়নি। অল্প বৃষ্টিতেই এই গ্রামের কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এক সপ্তাহ পর্যন্ত জুতা পায়ে হাঁটাও কঠিন হয়ে যায়, মটরসাইকেল তো দূরের কথা, এমনকি সাইকেল নিয়েও চলা অসম্ভব হয়ে পড়ে।
ঝিনাইগাতীর অন্যতম বড় গ্রাম হওয়া সত্ত্বেও গজারী পাড়ার মানুষের ভোগান্তির যেন শেষ নেই। স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ-বৃদ্ধা, রোগী কিংবা গর্ভবতী নারী—সবাইকেই কাদার সঙ্গে যুদ্ধ করে চলাফেরা করতে হয়।
এমন চরম অবহেলা ও দুর্ভোগের পরিপ্রেক্ষিতে আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই গ্রামটিকে অন্তত ন্যূনতম অবকাঠামোগত উন্নয়নের আওতায় আনুন। আমরা আশা করি, স্থানীয় জনপ্রতিনিধিরাও গজারী পাড়ার সমস্যাকে গুরুত্বের সঙ্গে দেখবেন।
সকলকে অনুরোধ রইল, আপনারা একদিন হলেও এই গ্রামে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখে আসুন। গজারী পাড়ার মানুষও নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখে।


















