
এম.জে.এ মামুন:
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার সদস্যরা অংশ নেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের চাকরিসংক্রান্ত ও বিভিন্ন কল্যাণমূলক সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মকর্তাসহ দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্য অর্জনকারী অফিসার ও ফোর্স সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের উৎসাহিত করেন।
সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে অর্থ পুরস্কারের মাধ্যমে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা ও থানার অফিসার ইনচার্জবৃন্দ।
এ ছাড়া কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















