সেভেন স্টার ডিম ভান্ডারের আড়ালে চলছিল গাঁজা-ফেনসিডিলের রমরমা ব্যবসা, পালিয়ে থাকা কামিনী ধরা পড়লেন নিজ এলাকায়
কুষ্টিয়ায় মাদকের রাণী অবশেষে গ্রেপ্তার, সেনা অভিযানে ধরা পড়লেন কামিনী বেগম

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৭৬ বার পঠিত

কুষ্টিয়ার মাদকজগতের আলোচিত চরিত্র কামিনী বেগম (৪৩) অবশেষে ধরা পড়েছেন সেনাবাহিনীর হাতে। শনিবার সকাল বেলায় সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কামিনী ওই এলাকার আজাদ সরদারের স্ত্রী। আটক করার পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ১ মার্চ কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন, যেখানে কামিনী ছিলেন প্রধান আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন লামইয়ানুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেনের একটি টিম কামিনীর মাদক বিক্রির আড়াল ‘সেভেন স্টার ডিম ভান্ডার’ দোকানঘরে অভিযান চালায়।
অভিযানে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর দল। তবে সেদিন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগী মোস্তফা সরদার পালিয়ে যায়। অভিযানের পর তাদের বিরুদ্ধে মামলা হয় এবং কামিনী পলাতক ছিলেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের আতঙ্ক ছিল এই মাদকচক্র। কামিনীর গ্রেপ্তারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “সেনাবাহিনীর সফল অভিযানের মাধ্যমে কামিনীকে অবশেষে ধরা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”



















