কুষ্টিয়া বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল ইয়াবা ও ১৯ লাখ টাকা উদ্ধার: স্ত্রী-ছেলে আটক

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৫১ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা। এ ঘটনায় লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) এবং ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় এই অভিযান চালানো হয় বলে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা নিশ্চিত করেছেন। অভিযানের সময় লিয়াকত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।স্থানীয়রা জানান, লিয়াকত দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ভারত থেকে অবৈধভাবে অস্ত্র ও মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। শিক্ষকতার আড়ালে তার স্ত্রী এবং আইন বিষয়ে পড়াশোনা করা ছেলেও এই ব্যবসায় সম্পৃক্ত। লিয়াকতের গরুর খামারকে সামনে রেখে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হতো। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্য থাকায় তিনি এসব কার্যক্রম নির্ভয়ে চালিয়ে যাচ্ছিলেন। দৌলতপুর থানা ওসি নাজমুল হুদা জানান, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা এবং মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি প্রমাণিত হয়, সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা যৌথ বাহিনীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন।


















