গোয়ালন্দে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্যা পাড়ার বাসিন্দা হোসেন পত্তনদারের ছেলে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্রাঞ্চের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) ৩৭ বছর বয়সী মোহাম্মদ জামাল হোসেন পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে।
কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রাজবাড়ী আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি সাজা এড়াতে পালিয়ে ভারতে চলে আসেন এবং তখন থেকেই পলাতক ছিলেন।
তদন্তে জানা গেছে, জামাল পত্তনদার ২০২৩ সাল থেকে ভারতে বসবাস করছিলেন এবং মিথ্যা ভারতীয় পরিচয় তৈরি করতে জাল কাগজপত্র ব্যবহার করছিলেন। তার কাছ থেকে একটি আধার কার্ড,প্যান কার্ড ও ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবুক, আধার আপডেটের স্বীকৃতিপত্র এবং বাংলা ভাষায় লেখা আদালতের গ্রেপ্তারি পরোয়ানার একটি ফটোকপি জব্দ করা হয়েছে। গুগল লেন্স ব্যবহার করে পরোয়ানাটির প্রাথমিক অনুবাদে নিশ্চিত হওয়া গেছে যে এটি বাংলাদেশের একটি আদালত পত্তনদারের বিরুদ্ধেই জারি করেছিল।
জানাগেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় জামাল পত্তনদার নামে একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ( ফেলু মোল্যার পাড়া) হোসেন পত্তনদারের ছেলে। এ মামলায় ১২ আসামীকে খালাস দিয়েছে আদালত। রায়ের সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাল পত্তনদার অনুউপস্থিত ছিলো। গত ২০২৩ সালের ৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার সময় রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন।


















