জালিয়াতির মাধ্যমে পাওয়ার অব এটর্নি নিয়ে প্রবাসীর ভূমি আত্মসাতের অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০২:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৭ বার পঠিত

সিলেটে জালিয়াতির মাধ্যমে পাওয়ার অব এটর্নি ব্যবহার করে এক প্রবাসীর ভূমি আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লন্ডন প্রবাসী বশির গাজী এ ঘটনায় আইনের আশ্রয় নিয়ে মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, “লিটল লন্ডন হাউজিং প্রজেক্ট” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে শওকত আলী (৬৩), পিতা মৃত সিকান্দর আলী, সাকিন—শওকত ভবন, সিটি রোড, বড়শালা, থানা—এয়ারপোর্ট, সিলেট-এর সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন বশির গাজী। প্রবাসে অবস্থানের কারণে ব্যবসা পরিচালনার দায়িত্ব শওকত আলীর ওপর ন্যস্ত করেন তিনি। এ অবস্থায় ব্যবসার দেখভাল ও মামলা-মোকদ্দমা পরিচালনার স্বার্থে একটি পাওয়ার অব এটর্নির প্রয়োজনীয়তার কথা জানালে, ২০০৫ সালে যৌথভাবে ক্রয়কৃত ভূমির তদারকি ও আইনি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে শওকত আলীকে একটি আনরেজিস্টার্ড পাওয়ার অব এটর্নি প্রদান করেন বশির গাজী।
কিন্তু অভিযোগ রয়েছে, সেই আনরেজিস্টার্ড পাওয়ার অব এটর্নির অপব্যবহার করে শওকত আলী বশির গাজীর একক মালিকানাধীন বিভিন্ন দাগ ও খতিয়ানের জমি “লিটল লন্ডন হাউজিং প্রজেক্ট”-এর নাম ব্যবহার করে অবৈধভাবে বিক্রি করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে নিরুপায় হয়ে বশির গাজী সিলেটের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর সি আর ৩০৪/২০২৬। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।






















