রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর ১৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সংগীত চর্চার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একই সাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে সেনেটারি ন্যাপকিন।
সোমবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, স্বাস্থ্য সুরক্ষা ও শারীরিক গঠনের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং যথাযথ স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।

রাজু আহমেদ, রাজবাড়ী 

















