ঝিনাইগাতীর দীর্ঘদিন অযত্নে থাকা সড়কে এলাকাবাসীর চরম দুর্ভোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পঠিত

মোঃ শাহ্ আলম,শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী এলাকাবাসী।সড়কটির খানাখন্দ ভরে গেছে এবং বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে পথচারী, শিক্ষার্থী এবং স্থানীয়দের জন্য চলাচল করতে কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি শুধু সাধারণ জনসাধারের নয়, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের জন্যও গুরুত্বপূর্ণ। এ সড়কের মাধ্যমে গ্রীণ সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদ্রাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন।স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, “রাস্তা সংস্কার করা জনস্বার্থে অত্যন্ত জরুরি। দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না করায় অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ঝিনাইগাতী-ধানশাইল সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংলগ্ন সড়কের দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। এই সড়কটি ২০১২-১৩ সালে এলজিইডি কর্তৃক কার্পেটিং করা হয়েছিল, তবে এর পর আর সংস্কার করা হয়নি।গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মাত্র ৫০ মিটার ইটের সলিং করা হয়েছিল।
সড়কটির বেহাল অবস্থায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বৃষ্টির সময় রাস্তাটি কাদাপানিতে সয়লাব হয়ে যায় এবং পথচারীরা এবং রিকশা চালকদের জন্য বিপদ তৈরি হয়। স্থানীয় স্কুল শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, “সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়, এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম বিপদে পড়েন।”
ঝিনাইগাতীর বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া বলেন, “সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। রিক্সা বা অন্যান্য যানবাহনও এখন চলতে পারছে না।’’ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম রাসেল জানান, “বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।






















