সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফজলেছ আলী ফকির (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা মা-মেয়ে গুরুতর আহত হয়েছেন।নিহত ফজলেছ আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আশামুদ্দিন ফকিরের ছেলে। সোমবার (১৭ আগস্ট) বিকেলের দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ফজলেছ আলী যাত্রী নিয়ে বেড়াগ্রাম থেকে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক ফজলেছ আলীকে মৃত ঘোষণা করেন। আহত মা-মেয়ে—মাবিয়া বেগম (৭০) ও রেহেনা বেগম (৪৫)—এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যান ও এক ব্যক্তিকে আটক করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জনতা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















