কাউখালীতে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নতুন ঘরে আশ্রয়, নতুন জীবনের স্বপ্ন, আবেগাপ্লুত বাশরীর ওমর ফারুক

- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পঠিত

পিরোজপুর অফিস ও কাউখালী প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামের দরিদ্র ওমর ফারুক সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত। ঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। বলেন, “এই ঘরের প্রতিটি পেরেক আপনাদের জন্য দোয়া করবে।” সরকারি সহায়তায় পাওয়া এই ঘর তার জীবনে এক নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে উপজেলার অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ২ জনকে ট্রাইসাইকেল এবং ১৬ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেন। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এর আগে পিরোজপুর জেলা প্রতিবন্ধী সংস্থা থেকে হস্তান্তরিত হুইলচেয়ার ও ট্রাইসাইকেল উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত ‘কিশোরী স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম’ এর আওতায় “অ্যাডোলেসেন্ট কেয়ার” শীর্ষক এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। দুপুর দেড়টায় উপজেলা হলরুমে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জন্য পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিগুলোর মাধ্যমে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদী উন্নয়ন ও স্বাবলম্বিতার পথ তৈরি হচ্ছে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।



















