
নীলফামারী প্রতিনিধি: ”সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান”
নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর জেলা পর্যায়ের আয়োজন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতীফ এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সুধীজন।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও সংগীতের বহুমাত্রিকতা, তাঁর সাম্য ও মানবতার দর্শন এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের প্রত্যয়ের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন; তাঁর সৃষ্টি ও আদর্শ আজও অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে মানবিক চেতনা জাগ্রত করার শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করছে। তাঁর সাহিত্য ও সংগীতে মানুষের মুক্তি, সাম্য, অধিকার ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা জাতীয় কবির সৃষ্টিশীলতা, সাহস, মানবিকতা ও মুক্তচিন্তার আদর্শ ধারণ করে জ্ঞান, মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ও প্রতিযোগিতার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নীলফামারী প্রতিনিধি 



















