কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ
নুরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে মিছিল-সমাবেশ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৪৯ বার পঠিত

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা শহরের থানা মোড় থেকে মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে অবস্থান নেয়। সেখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে মহাসড়কের দুপাশে পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাফিক আইল্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নেতাদের ওপর হামলা করে কখনো দমিয়ে রাখা যাবে না। গণঅভ্যুত্থানের এক বছর পর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা অভিযোগ করেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরুল হক নুর, রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গণঅধিকার পরিষদ আরও কঠোর আন্দোলনে নামবে।
সমাবেশে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















