
নড়াইল প্রতিনিধি: নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়ায় ৫বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী আতিয়ার সিকদারের ছেলে রবিউল সিকদার রবি (৩০) ওই শিশু কন্যাকে ধর্ষনের পর হত্যা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ।
নিহত শিশুটি (জান্নাতুল) একই গ্রামের মফিজুর রহমানের কন্যা। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জুলাই) বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর পাঁচুড়িয়া পাড়ায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিশুকে (জান্নাতুল) তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দিয়ে বাড়ি যেতে বলে। শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরছিল। দীর্ঘ সময় পরও সে বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকে।
খোঁজাখুজির এক পর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির ঘরের মধ্যে কাথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল ইসলাম রবি বাড়িতে ছিল না।
স্বজনরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত শিশুর স্বজনেরা দোষী রবিউল ইসলাম রবির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত্যু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিন্থ রয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীকে সনাক্ত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নড়াইল প্রতিনিধি 











