পিরোজপুরে সাবেক সাংসদ সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৬৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতদলীয় চোরেরা রান্নাঘরের গ্রিল ভেঙে দুটি বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী অভিযোগ করে বলেন, রাতের শেষ ভাগে কয়েকজন লোক রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার স্বামীকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে আলমারিসহ ঘর তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। তিনি আরও জানান, তাদের বাসায় চুরির পর একই ভবনের অপর ভাড়াটিয়া সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসাতেও প্রবেশ করে দলটি মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পালপাড়া এলাকায় চুরির একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















