নাগরিকভাবনা ডেস্ক: উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ যেকোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এতে বলা হয়, ডিউটিতে থাকা অবস্থায় যদি সাময়িকভাবে যানবাহন থামানোর প্রয়োজন হয়, তবে অবশ্যই সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত কোনো পুলিশি গাড়ি পরিত্যক্ত বা অলস ফেলে রাখা যাবে না। গাড়ি সার্বক্ষণিক দায়িত্বরতদের নজরদারিতে রাখতে হবে। অর্থাৎ আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নাগরিকভাবনা ডেস্ক 
























