
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদকসহ ১ এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর দুপচাঁচিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, উপজেলার জিয়ানগর বালুকপাড়া গ্রামের আকরাম খার এর ছেলে মোঃ নিরব খান (সাগর), সাবলা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রুবেল, খিদিরপাড়া গ্রামের মমতাজ মণ্ডল এর ছেলে মোঃ সাহিনুর ইসলাম।
অপরদিকে মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত আসামি হলেন, কাহালু উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জাহিদুল ইসলাম এর ছেলে মোঃ রাশেদ আলী খলিফা (৩৬)।
থানা পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার রেলগেটসংলগ্ন এলাকায় শ্রী নয়ন চন্দ্রের পানের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রাশেদ আলী খলিফাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) 












