বগুড়া শেরপুরে মিনি জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ৯২ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের “মিনি জাফলং” নামে পরিচিত বাঙালি নদীর ওপর নির্মিত জোরগাছা ব্রিজের নিচে গোসল করতে নেমে সাদাত হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সাদাত শেরপুরের আরডিএ ল্যাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং পদার্থ বিজ্ঞানের শিক্ষক ইকবাল হোসেনের একমাত্র সন্তান ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদাত তার কয়েকজন বন্ধু নিয়ে জোরগাছা ব্রিজের নিচে বাঙালি নদীর মিনি জাফলংয়ে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তা সফল হয়নি।
পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাদাতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, জোরগাছা ব্রিজের নিচের নদীটি বেশ গভীর এবং স্রোতপ্রবণ, যা শীতকালে এবং বর্ষায় অধিক বিপদজনক হয়ে ওঠে। নদীটির জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এর পানি বিপদজনক এবং আগেও এই এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছিল। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং আইনি প্রক্রিয়া শেষে সাদাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের দাবি, নদী ও অন্যান্য বিপজ্জনক স্থানগুলোতে শিশুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়িয়ে চলা যায়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
















