
মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল)। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা সহায়তা দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনকালে ১২ জন অনুপস্থিত ছিলেন। তাঁদের সাতজন অন্যত্র সংযুক্তিতে কর্মরত এবং পাঁচজন দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। অনুপস্থিত পাঁচ চিকিৎসক হলেন—ডা. সমরজিত সাহা, ডা. তুহিবুর রহমান, ডা. যোবায়ের ইবনে সামস, ডা. ফারহান ইমতিয়াজ ও ডা. সুচেতা ভট্টাচার্য।
১৫১ শয্যায় উন্নীত হচ্ছে হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিকল্পনায় রয়েছে ১০টি ডায়ালাইসিস মেশিন, প্রসূতিদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পৃথক ফিজিওথেরাপি সেবা ও ব্রেস্টফিডিং সেন্টার চালু। আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া ১ নভেম্বর নতুন করে যোগদান করতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
পরিচ্ছন্নতা ও অ্যাম্বুলেন্স সংকট নিয়ে নির্দেশ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা খুঁজে বের করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানান তিনি। পাশাপাশি বিকল যানবাহন কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ দেন এবং আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসাসুবিধা সম্প্রসারণের মাধ্যমে মুরাদনগরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত করার আশ্বাস দেন তিনি।

মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) 













