মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১১৪ বার পঠিত

খুলনার মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে মোংলা পোর্ট সংলগ্ন একটি ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মোংলা কোস্ট গার্ড বেইসের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিদেশি বিয়ার ক্যানগুলো উদ্ধার করে। তবে অভিযানকালে মাদক কারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিয়ার ক্যানগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে অবৈধ মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
















