ফিলিং স্টেশনে বিস্ফোরণে কাঁপলো রংপুর, একজন নিহত, দগ্ধ অন্তত ২৫ জন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৫৬ বার পঠিত

রংপুর জেলায় একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস সংরক্ষণাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। রংপুর জেলার সিও বাজারে একটি
এলপিজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা
যায়নি। এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন,
‘‘সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাংকে
বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। এসময় স্টেশনের আশপাশে
রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। রংপুর-দিনাজপুর মহাসড়কে
চলাচলকারী দুটি বাসও এতে আঘাতপ্রাপ্ত হয়েছে।” রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম এ বিষয়ে বলেন, ‘‘স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল।
ট্যাংকে লিকেজ থাকায় অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ফিলিং স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও
আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে।”রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘‘বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫)
হাসপাতালে মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।”এদিকে
দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে
যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।



















