সশরীর হাজির হওয়ার নির্দেশ
রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ

- সর্বশেষ পরিমার্জন: ১২:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে এ আদেশ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর রুমিন ফারহানাকে এ নোটিশ দেওয়া হলো। ২২ জানুয়ারি বেলা ১১টায় তাঁকে সশরীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নোটিশ সূত্রে জানা গেছে, ‘গত শনিবার বিকেল আনুমানিক ৪-৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামের স্থানে ৪০০ থেকে ৫০০ জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা। সেখানে তিনি বড় মঞ্চ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য দেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ওই সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। আপনি (রুমিন ফারহানা) নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন। ঘটনার একপর্যায়ে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।”’



















