এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, নিবন্ধন, অবকাঠামো, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান যাচাই করে অননুমোদিত এবং নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (আবদুল্লাহ)।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর একটি ডিও (D.O.) লেটার দিয়েছেন তিনি।
চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, দেবিদ্বার কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেবিদ্বার আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে উপজেলায় উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
ডিও লেটারে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও নিবন্ধন রয়েছে কি না, প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম আছে কি না, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন কি না এবং সরকারি নির্ধারিত নীতিমালা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাই করা জরুরি।
এ জন্য দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও নিবন্ধন, জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসাসেবার মান যাচাইয়ের অনুরোধ জানিয়েছেন তিনি।
একই সঙ্গে পরিদর্শন শেষে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের দাবি জানানো হয়েছে। প্রতিবেদনে কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, কোথায় কী ধরনের অনিয়ম রয়েছে এবং কোন প্রতিষ্ঠান অননুমোদিত বা গুরুতরভাবে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে—তা সুস্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, পরিদর্শনে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দিতে হবে। আর অননুমোদিত বা গুরুতর অনিয়মে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় পরিদর্শন, মান যাচাই এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনিয়ম ও অব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
দেবিদ্বারকে নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় ও আশপাশের উপজেলার মানুষের জন্য উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার আহ্বান জানান তিনি।
ডিও লেটারের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















