আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মারুফ হাসান উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। সে জামাতে ইসলামীর একজন সক্রিয় বলে জানা গেছে।
মারুফ জামায়াতের রাজনীতির সাথে যুক্ত কি না, এ বিষয়ে জানতে চাইলে উপজেলার চোপিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সালেকুল ইসলাম জানান, বিগত ৫ই আগস্টের পর মারুফ সাংগঠনিক কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তবে দলে তার কোনো সাংগঠনিক পদ বা দায়িত্ব নেই। অন্যদিকে, মারুফের নিজস্ব ফেসবুক আইডিতে জামায়াতে ইসলামীর নানা মিছিল-মিটিং ও রাজনৈতিক প্রোগ্রামে তার সরাসরি উপস্থিতির বেশ কিছু ছবি এবং সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা দেখা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাঝিড়া কালিবাড়ী রোডের ‘বিলাসী মেডিসিন স্টোর’-এর সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পালানোর চেষ্টার সময় নিচে পড়ে গিয়ে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দীর্ঘদিন ধরে ইয়াবা এনে জেলার বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 





















