
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে নানা কর্মসূচি ও হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। কর্মসূচি শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
মঙ্গরবার বিকেলে মাঝিড়া বন্দর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালির শেষে মাঝিড়া বন্দরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোর্শেদ মির্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, ইদ্রিস আলী সাকিদার, আনোয়ার মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজা মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ ও মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 



















