
মজনু মিয়া, গাইবান্ধা: গাইবান্ধায় শিক্ষার মান উন্নয়ন, বিশেষ করে গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল উন্নত করার লক্ষ্যে গাইবান্ধায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদ গাইবান্ধা সভাপতি মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, গণিত বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামচন্দ্রপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শের আলম এবং লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, রেবেকা হাবীব বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিল্লাত, প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে নিয়মিত পাঠদান, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মজনু মিয়া, গাইবান্ধা 



















