আব্দুল হান্নান, বগুড়া: ”সবুজ ভূবন আমাদের প্রয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে সবুজে ঘেরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ বাস্তবায়ন করছে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার গাবতলী উপজেলায় গতকাল ১০ জুলাই ২০২৬, শুক্রবার বাদ আসর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গাবতলী উপজেলা শুব্বানের সভাপতি মাওঃ আব্দুল মতিন-এর সভাপতিত্বে এবং হাফিজ জিহাদ হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুব্বানের সাধারণ সম্পাদক শাইখ ইমরান বিন ইদরিস, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ কামরুল ইসলাম, গাবতলী উপজেলা জমঈয়তের সহ-সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মাসউদ এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রাজুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।
পরিবেশবান্ধব এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৭টি মাদরাসা এবং স্থানীয় সুধীজনদের মাঝে ১০০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা মাদরাসা প্রাঙ্গণে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না; বরং আমাদের বিশুদ্ধ বাতাস, ছায়া, ফল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে অংশ নিতে এবং অন্যকেও উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পরিশেষে, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের এই মহতী প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করেন, এই কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আব্দুল হান্নান, বগুড়া 


















