সিরাজগঞ্জে শাপলা কলিতে ভোট চাইলেন হাসনাত আব্দুল্লাহ

- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৮ বার পঠিত

মোঃ মাসুদ নেজা,সিরাজগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তন ও নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে শাপলা কলিতে ভোট চাইলেন হাসনাত আব্দুল্লাহ। দেশ পিছিয়ে যাবে নাকি এগিয়ে যাবে—সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। এই নির্বাচনে দেশ কোনো ঋণখেলাপি, চাঁদাবাজ বা বিদেশি নাগরিকদের হাতে তুলে দেবেন না।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায় বা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করবো।” তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। এবার তেমন কিছু করার চেষ্টা করলে জনগণ রাস্তায় নামবে এবং তখন কামান দিয়েও পরিস্থিতি সামলানো যাবে না।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া আসনের প্রার্থী মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেন, “একটি নির্দিষ্ট দল ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে মেতে উঠেছে। এমনকি তারা নিজেদের কর্মীদেরও হত্যা করছে। যাদের হাতে নিজ দলের মানুষ নিরাপদ নয়, তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না। আগামী নির্বাচনে এই চাঁদাবাজদের লাল কার্ড দেখাতে হবে।”
শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় সিরাজগঞ্জ-৬ আসনের জোট মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নারী-পুরুষ কর্মী-সমর্থক জনসভাস্থলে সমবেত হন।
অনুষ্ঠানে জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



















