নাগরিকভাবনা ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে জাতীয় সংসদের স্পিকারের দিকনির্দেশনা বা আনুষ্ঠানিক রেফারেন্স পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ-সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো লিখিত রেফারেন্স আসেনি। এমন রেফারেন্স পাওয়া গেলে বিদ্যমান আইন অনুসারে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কমিশন সিদ্ধান্ত নেবে।
সিইসি বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশন সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারে না। সংসদ সদস্যের পদসংক্রান্ত বিরোধ প্রথমে স্পিকারের মাধ্যমে কমিশনে উপস্থাপিত হতে হয়। এরপর স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্সের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি। স্পিকারের কার্যালয় থেকে লিখিতভাবে বিষয়টি জানানো হলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

নাগরিকভাবনা ডেস্ক 





















