আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে পুলিশি অভিযানে ১৩.৫ (তেরো কেজি পাঁচশত গ্রাম) কেজি শুকনা গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন ৪ নং আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আজিজুল হকের ছেলে ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) ও তার স্ত্রী ছালেহা খাতুন ওরফে ছালমা ওরফে ছালে (৪৫)। তারা উভয়ে শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়ার বাসিন্দা এবং বর্তমানে শাজাহানপুরের বামুনিয়া মন্ডলপাড়ায় বসবাস স্থায়ীভাবে করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং শাজাহানপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আশিক ইকবালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) গোলাম মোস্তফা, এসআই (নিরস্ত্র) আবু জাররা ও এসআই (নিরস্ত্র) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বামুনিয়া মন্ডলপাড়ায় আসামীদের নির্মাণাধীন বসতবাড়ীর ভেতর থেকে তাদের হেফাজতে থাকা ১৩.৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা কুড়িগ্রাম জেলা থেকে এই গাঁজা ক্রয় করে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় শাজাহানপুর থানায় একটি মামলা (মামলা নং: ২৭, তারিখ: ২৪/০৭/২৬ খ্রি.) রুজু করা হয়েছে।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 


















