ভর্তি ও সার্টিফিকেট নিতে আসলে ঘুষ নেন প্রধান শিক্ষক

- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ১১১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি ও পঞ্চম শ্রেণির সার্টিফিকেট প্রদানের নামে ঘুষ নিচ্ছেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁন। সরেজমিনে এসব ঘুষ বাণিজ্যের ভিডিও ফুটেজ রয়েছে নাগরিক ভাবনা প্রতিনিধির কাছে। বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মায়া বিনতে মনি ও ফাতেমা আক্তার জোহরা জানিয়েছেন, তাঁরা পঞ্চম শ্রেণির সার্টিফিকেটের জন্য ২৫০ টাকা করে প্রধান শিক্ষককে প্রদান করেছেন।
অভিভাবকদের দাবি, শিশু শ্রেণিতে ভর্তির জন্য ৫০ টাকা এবং পঞ্চম শ্রেণির সার্টিফিকেটের জন্য ২০০ থেকে ২৫০ টাকা দিতে বাধ্য করা হচ্ছে তাদের।
স্বপ্নাহার বেগম নামে এক অভিভাবক জানান, তার মেয়ের সার্টিফিকেটের জন্য ২০০ টাকা দিতে হয়েছে। পারভীন নামে আরেক অভিভাবক অভিযোগ করেন, তার দুই মেয়ের ভর্তির জন্য ১০০ টাকা দাবি করেছিলেন প্রধান শিক্ষক। আমিন মিয়া নামে এক ব্যক্তি জানান, তার নাতির শিশু শ্রেণিতে ভর্তির সময় ৫০ টাকা দিতে হয়েছে।
স্থানীয় অভিভাবকরা শিক্ষার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।





















