সমস্যা সমাধানে উপাচার্যের দপ্তরে কুবি আইন বিভাগের শিক্ষার্থীরা

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১১৬ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের নানাবিধ সমস্যা সমাধান ও অধিকার আদায়ের দাবিতে উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বরাবর বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র থেকে জানা যায়, প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও বিভাগটিতে এখনো অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক নেই। সময়মতো ইনকোর্স ও চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় না, যা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও, বিভাগের গুরুত্বপূর্ণ দুটি সহযোগী সংগঠন—’ল’ ক্লিনিক ও মুটিং ক্লাবের কোনো কার্যক্রম নেই। আন্দোলনের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাঠদানের ঘাটতি পূরণের জন্যও কোনো পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “আমি আইন বিভাগের ডিন হওয়ায় বিভাগের অবস্থা সম্পর্কে অবগত আছি। এখানে বেশ কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন। আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে।”





















