আব্দুল আওয়াল: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮ নম্বর পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ থেকে দেওয়ানগঞ্জ-ইসলামপুর সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, উত্তর সিরাজাবাদ থেকে ইসলামপুরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের মতে, সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি রোগীদের দ্রুত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা জানান।
এলাকাবাসী আরও জানান, সড়কটি সংস্কারের দাবিতে তারা একাধিকবার সংশ্লিষ্ট ইউনিয়ন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আব্দুল আওয়াল 



















