মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে “তুলির আঁচড়ে জুলাইয়ের চেতনা, সৃজনশীল প্রজন্ম গড়ার প্রত্যয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় তুলি ড্রয়িং একাডেমি প্রাঙ্গণে পেট্রো কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাজী নূর-ই-সাইফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মামুনুর রশিদ, সনাতন চক্রবর্তী, সাংবাদিক মো. মাহবুব তালুকদার, মাসুমা বিনতে হাদী, তুলি ড্রয়িং একাডেমির পরিচালক মামুন খান, রাসেল হাওলাদার, কবির হোসেন এবং জুলাইয়ের শহীদ সেলিম তালুকদারের বোন নাছরিন আক্তার সুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নাজমুল হায়দার বাদল।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বাহার বলেন, সন্তানদের শুধু প্রতিষ্ঠিত পেশাজীবী হিসেবে নয়, সর্বাগ্রে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের। পাশাপাশি তাদের আগ্রহ, মেধা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করা উচিত। তিনি আরও বলেন, চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের কল্পনাশক্তি, নান্দনিক বোধ, দেশপ্রেম ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণিতে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে রুল তুলে দেন আয়োজকরা।

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) 



















