রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রাম (৩৫) ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন।
তিনি ওই ইউনিয়নের ভাংবাড়ী কুমাড়পাড়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে। সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক দেড়টার দিকে তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















