মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সাবেক লোহাগাড়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন।
পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। তার এই উদ্যোগে স্থানীয়রাও এগিয়ে আসেন, ফলে ব্যক্তিগত উদ্যোগটি রূপ নেয় সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযানে।
এ সময় জসিম উদ্দিন বলেন, “ফেসবুকে একটি পোস্ট দেখে বিষয়টি আমার নজরে আসে। পরে নিজে এসে দেখি, সত্যিই এলাকায় অনেক ময়লা-আবর্জনা পড়ে আছে। তখন মনে হলো আমি যদি আমার নিজের ঘরটিই ঠিক রাখতে না পারি, তাহলে বাইরের পরিবেশ কীভাবে ঠিক করব? সেই ভাবনা থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু করি।”
তিনি আরও বলেন, “আমার এলাকার ভাইদের বিষয়টি জানালে মুসলিমুল হক সিকদার বলেন, যা করার প্রয়োজন, তিনি সহযোগিতা করবেন। তার সহযোগিতায় আমরা পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। বিএনপির নেতাকর্মীদের এবং পাশাপাশি সাধারণ মানুষকেও আমি আহ্বান জানাব যার যার অবস্থান থেকে নিজের এলাকা পরিষ্কারের কাজ শুরু করুন। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে আমাদের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকবে না।”
জসিম উদ্দিন বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই রাজনীতির দায়িত্ব ও ধর্মীয় আদেশ দুটিই আমরা একসঙ্গে পালন করতে পারব, ইনশাআল্লাহ। তারেক রহমানের যে পরিচ্ছন্নতা কর্মসূচি সারা বাংলাদেশে চলমান, আমরা আমাদের এলাকায়ও সেই কর্মসূচি অব্যাহত রাখব।”
এ বিষয়ে মুসলিমুল হক সিকদার বলেন, “বাংলাদেশ সরকার জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছে, এলাকার একজন মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগকে স্বাগত জানাই। জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমি আমার ভাই জসিম উদ্দিনের পাশে থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাই, সারা বাংলাদেশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হোক।”
জসিম উদ্দিনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের কাজ নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একজন মানুষ যখন নিজের হাতে ময়লা পরিষ্কারের কাজে নেমে পড়েন, তখন তা অন্যদের জন্যও অনুপ্রেরণার সৃষ্টি করে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে এলাকার পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি গড়ে উঠবে স্বাস্থ্যকর ও বাসযোগ্য জনপদ।
জসিম উদ্দিনের এই উদ্যোগ যেন একটি ছোট্ট বার্তা পরিবর্তনের জন্য সবসময় বড় আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু নিজের জায়গা থেকে শুরু করার মানসিকতা। নিজের ঘর, নিজের উঠান, নিজের রাস্তা আর নিজের এলাকা এভাবেই একদিন পরিচ্ছন্ন হয়ে উঠতে পারে পুরো দেশ।
“আসুন, নিজের এলাকা পরিষ্কার রাখি, দেশকে পরিচ্ছন্ন রাখি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।” এমন প্রত্যয় ব্যক্ত করেন যুবদলের এই তরুণ নেতা।
ঢাকা
,
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে
পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন
-
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম - সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- ১১ বার পঠিত
জনপ্রিয়





















