ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরের আরদ্দার পট্টি এলাকায় পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ঝালকাঠি শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, সে সনাতন ধর্মাবলম্বী।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফল নিয়ে হতাশ ছিল ওই শিক্ষার্থী। প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ায় কয়েক দিন ধরে তাকে মানসিকভাবে বিমর্ষ দেখা যায়। মঙ্গলবার রাতে নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে শিক্ষার্থীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।

ঝালকাঠি সংবাদদাতা 



















