উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর শহরের দয়ালপাড়া এলাকার দৈনিক করতোয়ার অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরণ্য রুফটপ রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু।
আলোচনা সভায় বক্তব্য দেন কালের কণ্ঠ ও জাগো নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক নয়া দিগন্তের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আইনুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মেহেদী হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের পথচলায় দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও মানুষের অধিকারবঞ্চনার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তারা আরও বলেন, গণমাধ্যম একটি সমাজের দর্পণ। মানুষের কথা মানুষের কাছে এবং সমাজের অসঙ্গতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রে দৈনিক করতোয়ার ভূমিকা প্রশংসনীয়। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরতে পত্রিকাটি আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 


















